advertisement
advertisement

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক

advertisement

ধরলা পোস্ট ডেস্ক

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ কাজে এলাকার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরিকল্পনার কথা তুলে ধরেন ইশরাক।

তিনি জানান, ঢাকা-৬ আসনের বাসিন্দাদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। এ লক্ষ্যে গঠিত সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের কাছ থেকেও প্রয়োজনীয় সহায়তা নেবে। তাঁর মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল করা কঠিন।

ইশরাক আরও জানান, মাদক প্রতিরোধের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধেও কাজ করার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর এই উদ্যোগে কিছু গণমাধ্যম ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা বাধা সৃষ্টি করতে পারে। তবে এসব বাধা উপেক্ষা করে লক্ষ্য অর্জনে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একই পোস্টে ইশরাক বলেন, এলাকার বাসিন্দা ও ভোটারদের আশ্বস্ত করতে চান যে অপরাধ দমনের উদ্যোগ থেকে তিনি পিছিয়ে আসবেন না। পাশাপাশি দেশপ্রেমিক ও মেধাবী তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার ইচ্ছার কথাও জানান তিনি।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। ওই সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর