রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮টি বাইক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট :
রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর রংপুর নগরীর দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। ঘটনার পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় পাঁচটি চোরাই মোটরসাইকেল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। পরে তাঁদের তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চক্রের সঙ্গে জড়িত রাসেল মিয়া (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার এবং আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাসেল মিয়া পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।