দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় সেখানে থাকা পর্যটকেরা আটকা পড়েন। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সড়ক ছেড়ে দিতে অবরোধকারীদের অনুরোধ জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
তিনি আরও জানান, পরিস্থিতির একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, বর্তমানে উজোবাজার এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাজেকে অবস্থান করা সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন বলেও জানান তিনি।
ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।