advertisement
advertisement

কুড়িগ্রামে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে চরম শঙ্কায় কৃষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
কুড়িগ্রামে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে চরম শঙ্কায় কৃষক

advertisement
ধরলা পোস্ট প্রতিবেদক : 
কুড়িগ্রামে আমন ধানের খেতে ছাতরা পোকার (মিলিবাগ) আক্রমণ দেখা দিয়েছে। এ পোকার আক্রমণে ধানগাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি। কোনো কোনো গাছ শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় আমনের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
কৃষকেরা জানান, আগের বছরগুলোতে আমন ধানে ছাতরা পোকার তেমন আক্রমণ দেখা যায়নি। তবে চলতি মৌসুমে জেলার বিভিন্ন এলাকার ধানখেতে এ পোকার উপস্থিতি বেড়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার ধানখেত ঘুরে দেখা যায়, আক্রান্ত ধানগাছের কাণ্ড ও পাতার খোলে সাদা তুলা বা মোমের মতো আবরণ তৈরি হয়েছে। ওই আবরণের নিচে রয়েছে ছোট ছোট পোকা। আক্রান্ত গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কোনো কোনো গাছ শুকিয়ে পুড়ে যাওয়ার মতো দেখাচ্ছে।

রাজারহাটের কৃষক জগদীশ চন্দ্র সরকার বলেন, তাঁর প্রায় ২৫ শতাংশ জমির আমন ধান ছাতরা পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাননি। পরে বাধ্য হয়ে আক্রান্ত ধানগাছ কেটে গরুকে খাইয়েছেন তিনি।

স্থানীয় কীটনাশক বিক্রেতা কাইয়ুম সরকার বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি কীটনাশকের ব্যবসা করছেন। কিন্তু আমন ধানের খেতে এ ধরনের পোকার আক্রমণ আগে দেখেননি। গত বছর দু-একটি গাছে পোকা দেখা গেলেও তেমন ক্ষতি হয়নি। তবে এবার বিভিন্ন জমিতে এ পোকার উপস্থিতি বেড়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, ছাতরা পোকা কোনো রোগ নয়; এটি ধানগাছের রস শোষণকারী ক্ষতিকর পোকা। এর আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং পাতা হলদে হয়ে যায়। আক্রমণ তীব্র হলে গাছ শুকিয়েও যেতে পারে। আগের বছরগুলোতে কুড়িগ্রামের আমন ধানের খেতে এ পোকার উপস্থিতি তেমন দেখা যায়নি বলেও জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর কুড়িগ্রামে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২১ হাজার হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ২১ হাজার ৬৩০ হেক্টর জমিতে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, খরার কারণে ধানখেতে ছাতরা পোকার আক্রমণ বাড়তে পারে। এ পোকা দমনে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। কৃষকেরা সঠিক সময়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বালাইনাশক প্রয়োগ করলে এ পোকা দমন করা সম্ভব বলে জানান তিনি।


advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর