দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ধরলা পোস্ট ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. বদিউজ্জামান মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিন বন্দরের সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চার দিন বন্দরের সরকারি কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, সোনাহাট স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনও আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সাত দিনের ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে আবারও কার্যক্রম চালু হবে।
এতে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।