নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর ম/র/দে/হ
গাইবান্ধা প্রতিনিধি, ধরলা পোস্ট: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামের ১৩ মাস বয়সী এক অবোধ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত শিশু মাইশা আক্তার ওই এলাকার অধিবাসী।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১১ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মাইশা। পরিবারের স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যেতে পারে বলে সন্দেহ করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে দিনভর নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি অভিযান চালায়। তবে দীর্ঘ অনুসন্ধানেও সেদিন কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে নিখোঁজের দুদিন পর মঙ্গলবার বিকেলে ওই পুকুরেই শিশু মাইশার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ ডাঙ্গা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।