বারবার বারণেও সাবেক স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকায় তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলে দারোয়ান হিসেবে কাজ করতেন।
নিহতের প্রথম স্ত্রী আসমা বেগমের অভিযোগ, প্রায় ১০ বছর আগে দুলু মিয়া দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হলেও তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি সেখানে যাওয়া বন্ধ করেননি।
এদিকে, দুলু মিয়ার স্বজনদের দাবি, দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম। তিনি জানান, তালাকের পর থেকে দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।
নিহতের ছেলে আজহার মিয়া জানান, মঙ্গলবার রাতে তার বাবা স্থানীয় একটি দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর আবার বাইরে চলে যান। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরে বুধবার সকালে চটানপাড়া এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।