কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতভর অভিযান: চার ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতভর অভিযান: চার ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের একটি আভিযানিক দল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মো. সবুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর আলমের নেতৃত্বে পুলিশ দল জাকির হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। পরে স্থানীয় ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা চার ভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে—
Officer’s Choice: ৬১ বোতল
McDowell’s: ৩৫ বোতল
AC Black: ১৫ বোতল
Officer’s Choice Blue: ৩৫ বোতল
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল কবির জানান, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে পুরোপুরি বিপন্ন করে তোলে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে মাদকের উৎস, সরবরাহ রুট এবং এর পেছনের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।