ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: শিশুদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণ এবং উপজেলা অফিসার্স ক্লাবে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় নিয়মিত খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, সমবায় কর্মকর্তা বিদুভূষণ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রী উজ্জ্বল কুমার রায়, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু এবং উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষকরা।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, সদস্য সচিব আব্দুল লতিফ এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বহুলাংশে কমাতে সাহায্য করে। বিশেষ করে শিশুদের সুস্থ ও সবল রাখতে ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও জোরালো অভিমত ব্যক্ত করেন যে, হাত ধোয়ার এই স্বাস্থ্যকর অভ্যাস শুধু একটি নির্দিষ্ট দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরে এ অভ্যাস স্থায়ীভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়ার বিষয়ে নিয়মিত উৎসাহিত করার পাশাপাশি সর্বস্তরে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।