বন্ধু জিপিএ-৫ পেয়েছে বিশ্বাস হয়নি আরেক বন্ধুর, গোপনে বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট আসল ‘ফেল
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ হয় তার এক বন্ধুর। ওই শিক্ষার্থীর ধারণা ছিল, বন্ধু সর্বোচ্চ গ্রেড পাওয়ার মতো ফল করেনি। বিষয়টি যাচাই করতে বন্ধুর অজান্তেই খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে সে। পরে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে দেখা যায়, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসলে ফেল করেছে। এ ঘটনায় ফলাফলে নম্বর পরিবর্তনের অনিয়ম তদন্তে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘটনা জানান শিক্ষামন্ত্রী। চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি পরীক্ষায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১২ লাখ পাস করেছে। ফলাফল নিয়ে সন্দেহ থাকলে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হলে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করে।
মন্ত্রী বলেন, পুনর্নিরীক্ষণের পর প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার ফেল করা শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছে।
খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, কিছু পরীক্ষক নিজেরা খাতা মূল্যায়ন না করে অন্যদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়মে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
বন্ধুর অজান্তে পুনর্নিরীক্ষণের আবেদন করার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, আবেদন করার ক্ষেত্রে ভেরিফিকেশন কোড ছাড়াই সুযোগ থাকায় ওই শিক্ষার্থী বন্ধুর পরিচয়ে আবেদন করতে পেরেছিল। পরে পুনর্নিরীক্ষণে বন্ধুর ফলাফল পরিবর্তিত হয়ে ফেল আসে।
মন্ত্রী এ ঘটনাকে ফলাফলে বড় ধরনের অসংগতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। কীভাবে নম্বরের এত বড় পরিবর্তন হলো এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
খাতা পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন এবং জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর ফেল করার ঘটনা এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।