নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
অর্থনীতি Desk, ধরলা পোস্ট: দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো চূড়ান্ত করা হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
এই সিদ্ধান্তের আওতায় বিভিন্ন সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছেন। তবে নতুন বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি দমন এবং এর সার্বিক অর্থনৈতিক প্রভাব নিয়ে নানা মত দিয়েছেন বিশিষ্ট বিশ্লেষক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা।
নতুন বেতনকাঠামো ও প্রশাসনিক দুর্নীতি প্রসঙ্গে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার গণমাধ্যমকে বলেন, “মনিটরিং বা তদারকি জোরদার না করলে এবং দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন না করলে মাসিক বেতন এক কোটি টাকা করলেও যারা দুর্নীতি করেন, তাঁরা তা চালিয়েই যাবেন। আর যারা সৎ, তারা করবেন না। বেতন বাড়ানো ভালো কথা এবং এটি সময়ের প্রয়োজনে অত্যন্ত জরুরি ছিল। তবে এখন মূল কাজ হলো দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা। তা না হলে কেবল বেতন বাড়ালেই দেশে দুর্নীতি কমে যাবে—এমন ধারণা একেবারেই অলীক।”
অন্যদিকে, নতুন বেতনকাঠামোর ফলে সার্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, এই সিদ্ধান্তের প্রভাব সবার ওপর সমানভাবে পড়বে না। দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কয়েক লাখ হলেও সার্বিক জনসংখ্যা ১৭ কোটির অধিক।
তিনি আরও বলেন, “বেতন বৃদ্ধির ফলে বাজারে অর্থের সরবরাহ বা মানি সাপ্লাই সামান্য বাড়লেও তা এমন অস্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে না, যার কারণে সরাসরি বড় ধরনের মূল্যস্ফীতি ঘটবে। ফলে মূল্যস্ফীতির ওপর এর যতটুকু নেতিবাচক প্রভাব পড়ার কথা, বাস্তবে তা অতটা হবে না। তবে এর সামগ্রিক প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়বে, যে কারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে একটি সুষম সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।”
বিশ্লেষকরা মনে করছেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুফল মাঠপর্যায়ে যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না এবং এর ফলে জনসেবার মান ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে কি না—তা নিয়মিত মূল্যায়ন করা উচিত।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।