বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
ধরলা পোষ্ট ডেস্ক : ২ অক্টোবর ২০২৬
দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিডিনিউজের একজন জ্যেষ্ঠ সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকর্মীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। সেখানে বৃহস্পতিবার রাতে একটি হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় যাত্রা শুরু করে।
২০১৭ সালের ডিসেম্বরে ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।