advertisement
advertisement

স্ত্রীর লাশ রেখে নামাজ পড়তে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
স্ত্রীর লাশ রেখে নামাজ পড়তে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। স্ত্রীর মৃত্যুর পর ফজরের আজান দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। নামাজ শেষে অসুস্থ হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তবে কুয়েতপ্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাঁদের মরদেহ এখনো দাফন করা হয়নি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝখানে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও অধিকাংশ সময় তিনি শয্যাশায়ী থাকতেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর পরও তিনি ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেন এবং জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, এই দম্পতির ছেলে জসিম জীবিকার তাগিদে কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তাঁদের দেখতে দেশে ফিরছেন। সোমবার ছেলে বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর