ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
পাবনা প্রতিনিধি, ধরলা পোস্ট: পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত উপজেলা ও পৌর কমিটি নিয়ে তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এবার নিজেরাই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সমান্তরাল কমিটি ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে জেলার এই গুরুত্বপূর্ণ জনপদে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও চরম রূপ ধারণ করল।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আওতাধীন সাতটি ইউনিয়ন এবং পৌর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, উপজেলা বিএনপির পদবঞ্চিত অংশের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাতটি ইউনিয়নের এবং পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল পৌরসভার ওয়ার্ড কমিটিগুলোর তালিকা পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বঘোষিত সদস্যসচিব সাহাব উদ্দীন সেন্টু, পৌর বিএনপির স্বঘোষিত সদস্যসচিব আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েক শ’ পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নেতারা অভিযোগ করেন, বিগত দিনে দলের দুঃসময়ে যারা মামলা-হামলা, পুলিশি নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন—দলের দুর্দিনে তাদের পুরোপুরি মূল্যায়ন করা হয়নি। উল্টো একটি সুবিধাবাদী ও নিষ্ক্রিয় গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তৃণমূলের আবেগ ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাধ্য হয়েই তারা এই বিকল্প কমিটি গঠন করেছেন বলে জানান।
উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদের স্বাক্ষরে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। উপজেলা কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব এবং পৌর কমিটিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর জেলা কমিটি পূর্ণাঙ্গ রূপ দিলে ক্ষোভ আরও ঘনীভূত হয়।
এরই ধারাবাহিকতায় এর আগে নানা কর্মসূচি ও বিক্ষোভের পর ৩০ আগস্ট ২৪ সদস্যবিশিষ্ট উপজেলা ও ২২ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির একটি অংশ পাল্টা কমিটি ঘোষণা করেছিল। সর্বশেষ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই সমান্তরাল কমিটি ঘোষণার মাধ্যমে ঈশ্বরদী বিএনপিতে দীর্ঘমেয়াদী বিভাজন ও সাংগঠনিক জটিলতা আরও স্পষ্ট হয়ে উঠল।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।