advertisement
advertisement

রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

advertisement

রংপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে পৌরসভার একটি নির্মাণাধীন ভবনের ছাদের সাটারিং ভেঙে নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল ইসলাম এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত অপর তিন শ্রমিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনা নিশ্চিত করে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, ঘটনার দিন সকাল থেকে পৌরসভার ভবনটির বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। হঠাৎ করেই বারান্দার সাটারিং বা কাঠামোর অংশ ভেঙে নিচে কর্মরত ৫ শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আছাদুল ও শিহাবের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি গুরুতর আহত অপর তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর