জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাপার বিক্ষোভ
রংপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর। হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে নগরীতে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবুসহ জাপা ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে ক্ষোভ প্রকাশ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার বাসভবনে দুর্বৃত্তরা অন্যায়ভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা গণতান্ত্রিক রাজনীতির সার্বিক বৈশিষ্ট্যের সম্পূর্ণ পরিপন্থি এবং এটি প্রত্যক্ষ ‘মব ভায়োলেন্স’ বা অরাজকতার শামিল।
জাপা নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময়ই গঠনমূলক ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু কোনো কুচক্রী মহল রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালালে রংপুরসহ সারা দেশের সাধারণ মানুষ তা মেনে নেবে না।
নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।