রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, আদালতের নির্দেশে কারাগারে
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিথুল ইসলাম।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ওই কক্ষ থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়।
অভিযানকালে কক্ষের খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের একটি পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপরদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। সুত্র-
ঢাকা পোস্ট