ডিএনসির অভিযান: রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও সাবেক সদস্য আটক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
ডিএনসির অভিযান: রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও সাবেক সদস্য আটক
রংপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: রংপুর মহানগরীর একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান ও সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে ও রংপুর জেলা পুলিশের বর্তমান কনস্টেবল মিঠুন ইসলাম (২৯) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলী (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ডিএনসি রংপুর উপ-আঞ্চলিক ‘ক’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেল কক্ষ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মিঠুন ও ওমর আলীকে।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কনস্টেবল মিঠুন ইসলাম সম্প্রতি রংপুর জেলা পুলিশ থেকে বিশেষ রিজার্ভ বাহিনীতে (এসআরবি) বদলি হয়ে কর্মরত ছিলেন। অন্যদিকে সাবেক কনস্টেবল ওমর আলী ২০২৩ সালে কুমিল্লার চান্দিনা থানায় দায়ের করা একটি মাদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা কার্যকর ছিল।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মো. তাহিমুদার রহমান বাদী হয়ে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে গ্রেফতারকৃত দুজনকে বিচারিক আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে বিজ্ঞ আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।