ঝিনাইদহে গৃহবধূ সুচিত্রার চুল কেটে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন !
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট মাল্টিমিডিয়া ডেস্ক :
ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামে এক গৃহবধূর মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ ভূমি অফিসে কর্মরত আনোয়ার হোসেনের সঙ্গে সুচিত্রা বিশ্বাসের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন একই গ্রামের আন্নী খাতুন।
এ নিয়ে ক্ষোভের জেরে ঘটনার দিন বিকেলে আন্নী খাতুন তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং অন্যদের নিয়ে সুচিত্রার বাড়িতে যান। সেখানে তাঁকে মারধর করার পাশাপাশি জোর করে মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সুচিত্রার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে ওই রাতেই সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলায় আন্নী খাতুন ওরফে টনি খাতুন, তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদকে আসামি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদ-উজ-জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচজনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।