advertisement
advertisement

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট, পুলিশ মোতায়েন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট, পুলিশ মোতায়েন

ছবি সংগৃহীত

advertisement

, ধরলা পোস্ট:
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তিনটি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের (২২) বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও বা কনটেন্ট প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় একদল লোক ওই এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পরপরই হামলার ঘটনা ঘটে। সৌরভের কাকা জগদীশ চন্দ্র জানান, হঠাৎ একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য দীনেশ চন্দ্র মহন্তের অভিযোগ, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ছাগলসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। ঘটনার পর পরিবারগুলোর সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর