ছবি-সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের। এ সময় তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভারত থেকে চোরাই পথে আনা মোবাইল ফোন তাঁর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, রতন তাঁর কয়েকজন নিকটাত্মীয়কে নিয়ে একটি চোরাকারবারি চক্র গড়ে তুলেছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য এর আগেও একাধিকবার অভিযান চালানো হলেও প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান।
সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।