বিয়ের মৌসুমের আগেই কনের সাজে সাদিয়া আয়মান
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট বিনোদন ডেস্ক :
আসন্ন বিয়ের মৌসুমে কনের সাজের অনুপ্রেরণা হয়ে উঠতে চান অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী জমকালো শাড়ি, মানানসই গহনা আর পরিমিত মেকআপে সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে তার রাজকীয় সাজ নজর কেড়েছে ভক্তদের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন সাদিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’
ছবিতে অভিনেত্রীর পরনে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। সাজের সঙ্গে মিলিয়ে পরেছেন ঐতিহ্যবাহী গহনা। বিশেষ করে চোকার নেকলেস ও মাং টিকা তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। মেকআপেও ছিল পরিমিতির ছাপ, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সাধারণত ব্রাইডাল সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তাই নতুন এই অবতারে তাকে দেখে চমকে গেছেন অনেকেই। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তার সাজ নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা। আসন্ন বিয়ের মৌসুমে কনের সাজ কেমন হতে পারে, সে বিষয়ে অভিনেত্রীর এই লুককে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে।
সম্প্রতি ১২ দিন ভাইরাল জ্বরে ভোগার পর সুস্থ হয়ে কাজে ফিরেছেন সাদিয়া। কয়েক দিন আগে চুলের রং ও স্টাইলে পরিবর্তন এনে নতুন লুক প্রকাশ করেছিলেন তিনি। এবার ব্রাইডাল সাজে হাজির হয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।
সাদিয়ার এবারের ব্রাইডাল লুকটি কসমেটিকস ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপের অংশ। শীতের মৌসুম সামনে রেখে বিয়ের সাজের অনুপ্রেরণা তুলে ধরতেই এই আয়োজন। সুত্র-ইত্তেফাক