কুড়িগ্রামের রাজারহাটে ১৪ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
ছবি সংগ্রহীত
ধরলা পোস্ট ডেস্ক :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসমান আলী (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারি মৌজার কাসাইটারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আসমান আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ির পিছনের দিক থেকে গাঁজাগাছটি উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দেড় বছর ধরে গাছটির পরিচর্যা করছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
আটক আসমান আলী কাসাইটারি এলাকার মো. নূর ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
আসমান আলীর মেয়ে আরফিনা বেগম (২০) জানান, তাঁদের বাড়ির পেছনে গাছটি জন্মেছিল। তবে এটি যে গাঁজাগাছ, তা তাঁরা বুঝতে পারেননি। তাঁর দাবি, গাছটি তাঁর বাবা রোপণ করেননি; এটি প্রাকৃতিকভাবেই জন্মেছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে"