দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, কুড়িগ্রামে 22 বিজিবির বিশেষ নজরদারি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ২২ বিজিবির অধিনায়কসহ সদস্যরা। এ সময় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সদস্যরা সতর্ক রয়েছেন। এ কাজে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।
কুড়িগ্রাম পূজা উদ্যাপন কমিটির সভাপতি রবি বোস জানান, এ বছর জেলায় ৫৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি কেমন থাকে, তা দেখার বিষয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ জানিয়েছে বাহিনীটি।