বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার বোতল অবৈধ বিদেশি মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে হাতেনাতে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে হিলি পৌর শহরের গণেশ বাবুর চাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে চার বোতল ভারতীয় মদের পাশাপাশি একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড জব্দ করা হয়েছে।
আটক অজিত কুমার ঘোষ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
পুলিশ ও ঘটনার মামলার এজাহার সূত্রে জানা গেছে, হিলি পৌর শহরের গণেশ বাবুর চাতালে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদ পায় হাকিমপুর থানা পুলিশ। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে অজিত কুমার ঘোষকে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে চার বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের কোনো বৈধ কাগজপত্র ও সন্তোষজনক জবাব দেখাতে না পারায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, অবৈধভাবে বিদেশি মদ বহনের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।