advertisement
advertisement

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

ছবি সংগৃহীত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রায়হান মিয়া নামে এক বন্ধু আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁওয়ের গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কবির উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচনি এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মেহেদী ও তার বন্ধু রায়হান মিয়া মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান কবিরকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর