রংপুরে কাঁঠাল গাছে ঝুলছিল যুবকের মরদেহ
রংপুর প্রতিনিধি, ধরলা পোস্ট: রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিল সংলগ্ন এলাকার একটি গাছ থেকে ফারুক মিয়া নামের এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর এলাকার গোজগলের বিল সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক মিয়া আব্দুল্ল্যাপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস শুরু করেছিলেন ফারুক। সোমবার সকালে পীরগঞ্জের গোজগলের বিল এলাকায় একটি কাঁঠাল গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে পুলিশ ইতিমধ্যে নিবিড় তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।