advertisement
advertisement

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় সারা দেশে মোতায়েন হবে ১০ হাজার বিজিবি সদস্য


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় সারা দেশে মোতায়েন হবে ১০ হাজার বিজিবি সদস্য

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।

তিনি জানান, দুর্গাপূজা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনায় সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়টি সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে বাহিনীটি।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

সূত্র: বাসস

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর