advertisement
advertisement

শরতের বিদায়, হেমন্তের আগমনে পঞ্চগড়ের নীল আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
শরতের বিদায়, হেমন্তের আগমনে পঞ্চগড়ের নীল আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার

advertisement


ধরলা পোস্ট ডেস্ক 

শরতের বিদায় আর হেমন্তের আগমনের সময় নীল আকাশে দেখা মিলেছে বরফে ঢাকা হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এর মনোমুগ্ধকর দৃশ্যে নতুন সৌন্দর্যে সেজেছে উত্তরের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়া। পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করে মুগ্ধ হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেঁতুলিয়ায় রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, সারি সারি চা-বাগান, মহানন্দা নদী ও নদীর বালুচর। শরৎকালে মাঠে সাদা কাশফুলের দোলা আর ভোরের ঘাসে জমে থাকা শিশির প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া স্পষ্ট দেখা যায়। সূর্যের আলোয় কখনো সোনালি, কখনো রুপালি আভায় ঝলমল করে পর্বতশৃঙ্গটি। এই দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ভিড় করেন তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক ডাকবাংলোর উন্মুক্ত প্রাঙ্গণে। তবে আবহাওয়া ও আকাশের দৃশ্যমানতার ওপর নির্ভর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার বিষয়টি।

তেঁতুলিয়ার আকর্ষণ শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শনে সীমাবদ্ধ নয়। সবুজ চা-বাগান, মহানন্দা নদীর প্রবাহ, গ্রামীণ পথের দুপাশের গাছপালা এবং ঋতুভেদে প্রকৃতির পরিবর্তিত রূপ এ জনপদকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। বর্ষায় নদীর প্রবাহ, শরতে কাশফুল আর হেমন্তে সোনালি ফসলের মাঠ পর্যটকদের কাছে তেঁতুলিয়ার আকর্ষণ বাড়িয়ে তোলে।

শরৎ পেরিয়ে হেমন্তের আগমনে প্রকৃতির এই পরিবর্তন তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে। পরিকল্পিত পর্যটনসেবা, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ নিশ্চিত করা গেলে এলাকাটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

কাঞ্চনজঙ্ঘা দেখতে গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আশরাফুল আলম জাহিদ ও ফাহিম বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক পর্যটক এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাননি বলে তাঁরা শুনেছেন। তবে নিজেরা পর্বতশৃঙ্গটি দেখতে পেরে তাঁরা ভীষণ আনন্দিত।

তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র দাস বলেন, দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামিউজ্জামান জানান, চলতি শীত মৌসুমে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বর্তমানে দিনের বেলায় সামান্য গরম অনুভূত হলেও রাতে বেশ শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, এ মৌসুমে আজই সবচেয়ে স্বচ্ছভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর