advertisement
advertisement

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮ জন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮ জন

ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক

গোপালগঞ্জে পুলিশের টহল দলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার একই ঘটনায় গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এলাকায় টহলরত পুলিশ সদস্যরা মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। ঘটনায় মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর