advertisement
advertisement

ছেলে-মেয়ে ঢাকায়, গ্রামে বসতঘরের বিছানায় পড়ে ছিল বাবার অর্ধগলিত মরদেহ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ২:২১ অপরাহ্ণ
ছেলে-মেয়ে ঢাকায়, গ্রামে বসতঘরের বিছানায় পড়ে ছিল বাবার অর্ধগলিত মরদেহ

ছেলে-মেয়ে ঢাকায়, গ্রামে বসতঘরের বিছানায় পড়ে ছিল বাবার অর্ধগলিত মরদেহ

advertisement

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, ধরলা পোস্ট: বরিশালের গৌরনদী উপজেলায় নিজ বসতঘরের ভেতর থেকে আব্দুল খালেক খন্দকার (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানরা ঢাকায় থাকায় তিনি বাড়িতে একা বসবাস করতেন।

নিহত আব্দুল খালেক খন্দকার স্থানীয় বিল্বগ্রাম এলাকার মৃত হোসেন খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের তাগিদে আব্দুল খালেক খন্দকারের এক ছেলে ও এক মেয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ফলে বাড়িতে একাই থাকতেন তিনি। জীবিকার প্রয়োজনে তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানপাটে পানি সরবরাহ করতেন। তবে গত সোমবারের পর থেকে তাঁকে আর বাজারে বা এলাকায় দেখা যায়নি।

বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা তাঁর বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ অনুভব করেন। সন্দেহ হলে তাঁরা ঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা ছিটকিনি দেওয়া বা আটকানো দেখতে পান। এরপর স্থানীয়রা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ঘটনার বিষয়ে স্থানীয় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানান, বেশ কয়েকদিন ধরে বৃদ্ধ খালেককে এলাকায় না দেখে এবং ঘর থেকে পচাগলা দুর্গন্ধ আসায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। পরে খবর পেয়ে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের অর্ধগলিত মরদেহ দেখতে পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা ঘরের দরজা ভেঙে বিছানা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে বৃদ্ধ খালেক ঘরে একাই থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর