গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, গুরুতর আহত ২ পুলিশ সদস্য
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল যুবক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।
পুলিশ জানায়, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা রামদা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় তাঁরা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালাচ্ছে। এ সময় ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলার ঘটনা দেখা যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। পরে তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
ওসি আরও জানান, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি জয়নাল আবেদীন।