ট্রান্সফরমার চুরির চেষ্টায় সাবেক ইউপি সদস্য আটক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন গোলখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নৌকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মনির হোসেন। এ সময় কয়েকজন জেলে বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন।
পরে উত্তেজিত গ্রামবাসী তাকে দক্ষিণ-পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।