ফুলবাড়ীতে এইচএসসি, আলিম ও বিএমটি পরীক্ষায় পাসের হার ৪২.১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮ জন
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ফুলবাড়ীতে এইচএসসি, আলিম ও বিএমটি পরীক্ষায় পাসের হার ৪২.১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮ জন
অনিল চন্দ্র রায় :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার ফলাফলে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ১৬ শতাংশ। এ বছর উপজেলার তিনটি স্তরে মোট ১ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬২৯ জন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৮ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ফুলবাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩২২ জন। অকৃতকার্য হয়েছে ৫৯৭ জন। এ পরীক্ষায় পাসের হার ৩৫ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
অন্যদিকে, আলিম পরীক্ষায় ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৭৭ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে একজন শিক্ষার্থী।
এ ছাড়া এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ৪২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪০ জন। অকৃতকার্য হয়েছে ১৮৯ জন। এ বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৯৪ শতাংশ। তবে এ বছর এ বিভাগ থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের তালিকায় এইচএসসি পরীক্ষার ১১টি, আলিম পরীক্ষার ২টি এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
এসব প্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৯ জন উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে তিনটি পরীক্ষার সম্মিলিত পাসের হার ৪২ দশমিক ১৬ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিশ্চিত করে জানান, এ বছর ফুলবাড়ী উপজেলায় নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ পাশের হার ৫৩.৬৪ পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ভালো ফলাফল অর্জন করেছে।