advertisement
advertisement

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য-পাসের-প্রতিষ্ঠান-একীভূত-করার-ভাবনা,-শিক্ষকদের-চাকরি-যাবে-না:-শিক্ষামন্ত্রী

advertisement

শিক্ষা Desk, ধরলা পোস্ট: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে সামগ্রিক পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই বড় ধরনের পতন ঘটেছে। দেশে শতভাগ অকৃতকার্য বা ‘শূন্য পাসের’ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সেগুলোকে পর্যালোচনা করে কাছাকাছি অবস্থিত অন্য কোনো মানসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (মার্জ) করার চিন্তাভাবনা করছে সরকার।

শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী সরকারের এই নীতিগত পরিকল্পনার কথা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত রূপরেখা ছাড়াই অপ্রয়োজনীয়ভাবে অনেক কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। তবে সীমিত পরিসরে কীভাবে এই প্রতিষ্ঠানগুলোর সার্বিক পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার। যেসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেগুলোকে নিকটবর্তী তুলনামূলক ভালো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করা হবে।” তবে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বহাল রাখা হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ১০ বছরের ইতিহাসে সর্ব সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

পাসের হারের পাশাপাশি সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় আকারের পতন দেখা গেছে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর যেখানে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

অন্যদিকে, চরম বিপর্যয় দেখা গেছে বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্সে। এবার সারা দেশের মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এমন শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি, যা নিয়ে তীব্র উদ্বিগ্ন শিক্ষা সংশ্লিষ্টরা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর