advertisement
advertisement

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

advertisement

টাঙ্গাইল প্রতিনিধি, ধরলা পোস্ট: টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের স্টিলের আলমারি ও কাঠের ওয়ার্ডরোব ভেঙে জিনিসপত্র তছনছ করে।

বাড়িতে বর্তমানে বসবাস করেন নাট্যকার মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। তবে ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে তিনি টাঙ্গাইল সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকায় যাওয়ার আগে আফিয়া খান বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমান নামের এক ব্যক্তিকে। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি সঠিকভাবে তালাবদ্ধ করে বাইরে যান। পরবর্তীতে বিকেল ৫টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান বারান্দার গ্রিলের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি কক্ষের মেঝেতে নানাবিধ জিনিসপত্র ছড়ানো-ছিটানো এবং তিনটি স্টিলের আলমারি ভাঙাসহ একটি কাঠের ওয়ার্ডরোব খোলা দেখতে পান।

অভিযোগে আফিয়া খান উল্লেখ করেন, ভেঙে ফেলা আলমারিগুলোতে তাঁদের ৯ ভাইবোনের অত্যন্ত মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত ছিল। তবে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় এবং তাৎক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব না হওয়ায় ঠিক কী কী জিনিসপত্র খোয়া গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষে আইনগত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর