advertisement
advertisement

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।

এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন দেওয়া হয়। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন এ তথ্য জানান।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সকালে কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পরে শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়ক অবরোধের ফলে ওই পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর