নীতিগত বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলের সঙ্গে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, পারিবারিক কিছু সমস্যার কারণে নুরন্নবী সরকার সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সংবাদ সম্মেলনে দলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাঁর মনগড়া। তবে পদত্যাগের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বিষয়।