কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর মুক্তি পেয়েই মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ছেলের ভয়ে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন মা। নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
অভিযুক্ত রাজু মিয়া (২২) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের দফাদারপাড়ার বাসিন্দা। তাঁর মা নাসিমা বেওয়া (৪৭), স্বামী মৃত হবিবর রহমান। স্বামীর মৃত্যুর পর দুই ছেলে রাজু ও লিমন (১৮), বড় ছেলের স্ত্রী এবং নাতি মিনহাজকে (৭) নিয়ে একই বাড়িতে বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ছেলে রাজু মাদকাসক্ত হয়ে পড়লে তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে স্ত্রী-সন্তান ও মাকে রেখে ঢাকায় চলে যান। এরপর রাজু আরও বেপরোয়া হয়ে ওঠেন। মাদকের টাকা জোগাড় করতে মায়ের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি বাড়ির জিনিসপত্র বিক্রি করতে থাকেন।
এ অবস্থায় গত ২ জুন ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন। রাজু কারাগারে যাওয়ার পর ভয়ে ছোট ছেলে লিমনও ঢাকায় চলে যান।
পাঁচ মাসের কারাভোগ শেষে গত রোববার (১ নভেম্বর) মুক্তি পেয়ে মুঠোফোনে মাকে প্রাণনাশের হুমকি দেন রাজু—এমন অভিযোগ নাসিমা বেওয়ার। নিরাপত্তাহীনতায় ওই দিনই নাতি মিনহাজকে নিয়ে বাবার বাড়ি পাইকেরছড়ায় আশ্রয় নেন তিনি। পরে রাজু বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রোববার রাতে থানায় যান নাসিমা বেওয়া। তবে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে গিয়ে নিজের পরিস্থিতি তুলে ধরে নিরাপত্তা ও প্রাণ রক্ষার আকুতি জানান তিনি।
নাসিমা বেওয়া বলেন, “আমি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেছে। তাঁর কাছে আসার পর আবার থানায় যেতে বলেছেন। রাজু আমাকে দেখলে মেরে ফেলবে। আমি আমার প্রাণ বাঁচাতে চাই।”
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, খবর পেয়ে রোববার রাতে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু রাজু কারও কথা শুনতে চান না। তিনি মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং ঘরের তালা ও বেড়া ভেঙে ফেলেছেন। মাঝেমধ্যে আত্মহত্যার হুমকিও দেন। এ কারণে প্রাণভয়ে মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, অভিযোগকারী নারী তাঁর কাছে এসেছিলেন। তাঁকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “নাসিমা বেওয়া থানায় এসেছিলেন কি না, তা আমার জানা নেই। কারণ, আমি আদালতে ছিলাম। তিনি থানায় এলে তাঁর জিডি নেওয়া হবে।