সাভারে বহিরাগতদে হামলায় আহত শ্রমিকের মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি, ধরলা পোস্ট: সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের রডের আঘাতে গুরুতর আহত ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ নামের একটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী কারখানার জুনিয়র অপারেটর মো. সেলিম (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত শ্রমিক সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ রহিমের ছেলে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোমবার পর্যন্ত মামলার প্রধান আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, কারখানার কর্মকর্তা ও সেলিমের স্বজন সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ৪ নভেম্বর এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সে সময় একদল বহিরাগত লোক স্থানীয় বিভিন্ন কারখানায় গিয়ে বিশৃঙ্খলা ও হামলা চালায়। উদ্ভূত পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে অন্যান্য কারখানার সঙ্গে ‘ট্রেন্ট সুজ লিমিটেড’ কর্তৃপক্ষও ছুটি ঘোষণা করে।
কারখানা ছুটির পর অন্য সহকর্মীদের সঙ্গে বের হয়ে এসে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সেলিম। এ সময় হঠাৎ এক দুর্বৃত্ত লোহার রড জাতীয় দেশীয় অস্ত্র দিয়ে সেলিমের মাথায় সজোরে আঘাত করে। একই সময় হামলাকারীরা ওই কারখানার আরও দুই শ্রমিক মো. রাকিব (২৪) ও লিমনকেও (২৫) মারধর করে আহত করে।
গুরুতর রক্তাক্ত অবস্থায় সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সেলিমের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৪ নভেম্বর কারখানা ছুটি দেওয়ার পর ১০-১২ জন ছেলে এসে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালায়। এতে তিনজন আহত হলেও আমার ছেলেটার মাথায় লোহার কিছু দিয়ে আঘাত করায় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। সেদিন থেকেই ও আর কথা বলতে পারেনি। গত রাতে হাসপাতালে মারা গেছে, এখন ওর মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাচ্ছি।”
ট্রেন্ট সুজ লিমিটেডের এক কর্মকর্তা জানান, মাথায় মারাত্মক আঘাত পাওয়ার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। তাঁকে বাঁচানোর জন্য কারখানার পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহত অন্য দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ রয়েছেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান জানান, হামলার ঘটনার পর গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।