advertisement
advertisement

স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন, বাড়িতে তালা দিয়ে উধাও স্বামী-পরিবার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন, বাড়িতে তালা দিয়ে উধাও স্বামী-পরিবার

ছবি সংগৃহীত

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি :
কাবিননামা হাতে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনে বসার খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অনশনরত সাদিয়া আক্তার মীম উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি ফারাজীপাড়া গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. ইমদাদুল হক রিয়াদ (২৪) পুঠিকাটা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
সাদিয়া আক্তার মীম জানান, ২০২০ সালে রিয়াদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন। তবে রিয়াদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে চলতি বছরের ১০ অক্টোবর লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাজি মো. ফয়জার রহমানের বাড়িতে ১৩ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে পুনরায় বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করেন তাঁরা।
তাঁর অভিযোগ, বিয়ের পরও গত এক মাস ধরে রিয়াদ তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত কাবিননামা ও বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন তিনি। স্বামীর স্বীকৃতি ও প্রাপ্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলেও জানান সাদিয়া।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, দুপুরে মেয়েটি ছেলের বাড়িতে আসেন। পরে ছেলের মা-বাবা তাঁকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে চলে যান। রাত হলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
একই গ্রামের আব্দুস সালাম বলেন, মেয়েটির কাছে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণপত্র রয়েছে। ছেলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের প্রমাণও তিনি দেখিয়েছেন। ছেলেটি মেয়েটিকে চাইলেও পরিবারের চাপে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে তাঁর ধারণা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টদের উদ্যোগে দ্রুত সামাজিক ও আইনগতভাবে সমাধান করা প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রিয়াদ ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, অনশনের বিষয়ে তিনি অবগত নন। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর