advertisement
advertisement

নিজ বাড়ির দরজার সামনে মিলল মালয়েশিয়া প্রবাসীর মরদেহ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
নিজ বাড়ির দরজার সামনে মিলল মালয়েশিয়া প্রবাসীর মরদেহ

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা ছিল এবং বাম চোখে আঘাতের চিহ্নসহ গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে গিয়ে খাবার খেতেন।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান। বাড়ির আশপাশ ও পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা রয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর