advertisement
advertisement

এক দিনের জন্য প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা, শিবরাম স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
এক দিনের জন্য প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা, শিবরাম স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি-সংগৃহীত

advertisement
দুর্জয় রায়, লালমনিরহাট থেকে : 
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। শিশুদের নেতৃত্ব বিকাশে বিদ্যালয়টির এমন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উম্মে তালহার হাতে প্রতীকী প্রধান শিক্ষকের নিয়োগপত্র তুলে দেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে সে এক দিনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে একজন শিক্ষার্থীকে শুধু সম্মানিত করাই নয়, বরং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ, শৃঙ্খলা রক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মানসিকতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এক দিনের জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত উম্মে তালহা তাবাচ্ছুম কবির। নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, ‘এক দিনের জন্য হলেও প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। দায়িত্ব পালনের দিন বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এই উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।’
বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। প্রতীকী প্রধান শিক্ষক নিয়োগের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের যোগ্যতা বিকাশে উৎসাহিত হবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের দায়িত্ববোধ ও নেতৃত্বের অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউজসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর