নোয়াখালীতে মাকে মারধর ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে ছেলের কারাদণ্ড
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে মাকে মারধর, বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
পুলিশ জানায়, সাইফুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকাসক্ত অবস্থায় নেশার টাকার জন্য সাইফুল প্রায়ই তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সাইফুলের বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে আটক করে। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে।