মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মিরপুর, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিরপুরের পল্লবী এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলেও এক হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে সাভারের পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের অবরোধের চেষ্টা চলাকালে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকাতেও শ্রমিকরা অবরোধ করেন।
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানিয়েছেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।