advertisement
advertisement

পঞ্চগড়ে উদ্ধার বিরল হলুদে-সাদা জলঢোড়া সাপ, অ্যালবিনো বৈশিষ্ট্যে ব্যতিক্রমী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে উদ্ধার বিরল হলুদে-সাদা জলঢোড়া সাপ, অ্যালবিনো বৈশিষ্ট্যে ব্যতিক্রমী

ছবি-ধরলা পোস্ট

advertisement
নজরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় উদ্ধার করা হয়েছে বিরল বৈশিষ্ট্যের একটি জলঢোড়া সাপ। সাধারণত বাদামি ও কালচে রঙের এই সাপটির শরীরে দেখা গেছে হলদেটে-সাদা বর্ণ। বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা জানিয়েছেন, জিনগত বৈশিষ্ট্য অ্যালবিনিজমের কারণে সাপটির শরীরে এমন ব্যতিক্রমী রঙের সৃষ্টি হয়েছে।
গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (WSRTBD) প্রতিষ্ঠাতা সভাপতি ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া সাপটি জলঢোড়া বা চেকার্ড কিলব্যাক (Checkered Keelback)। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। তবে স্বাভাবিক জলঢোড়ার শরীরে বাদামি ও কালচে ছোপ থাকলেও উদ্ধার হওয়া সাপটির শরীরে রয়েছে হলদেটে-সাদা রঙের উপস্থিতি।
উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, অ্যালবিনিজম কোনো আলাদা প্রজাতি নয়। এটি প্রাণীর জন্মগত জিনগত বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের কারণে শরীরে মেলানিন নামের রঞ্জক পদার্থের উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে প্রাণীর স্বাভাবিক গায়ের রঙে পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে চোখের রঙেও এর প্রভাব পড়ে।
উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বলেন, সাপটি জলঢোড়া প্রজাতির এবং সম্পূর্ণ নির্বিষ। তবে এর শরীরে একাধিক ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে স্বাভাবিক রঙের পরিবর্তে সাপটির শরীর হলদেটে-সাদা হয়েছে। এ ধরনের বৈশিষ্ট্যের সাপ সচরাচর চোখে পড়ে না।
তিনি আরও জানান, সাপটি কয়েকবার খোলস পরিবর্তনের পর শারীরিক কোনো পরিবর্তন হয় কি না, তা পর্যবেক্ষণের জন্য কিছুদিন পরিচর্যায় রাখা হবে। পরে উপযুক্ত পরিবেশে সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। প্রকৃতিতে বিরল বৈশিষ্ট্যের এমন একটি সাপের সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর