advertisement
advertisement

যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট ডেস্ক : 
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
রোববার (১ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ যৌথ মহড়া আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজটি পৌঁছালে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ইউএসএস ওয়ারিয়রের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সামুদ্রিক সহযোগিতার ধারাবাহিকতারই প্রতিফলন। এ মহড়ার মাধ্যমে আঞ্চলিক অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আরও স্পষ্ট হয়েছে।
এ ছাড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করাও এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
দূতাবাসের মতে, ক্যারাট বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ পাবেন।
যৌথ এ মহড়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরার পাশাপাশি অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা লক্ষ্য অর্জনে দুই দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর