এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ১০ লাখ ৮৭ হাজারের বেশি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল পুনরায় যাচাইয়ের আবেদন করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গত ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদনের সময়সীমা শেষ হয়।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন করা হয়েছে। বিষয়ভিত্তিক আবেদনের তালিকায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বেশি দেখা গেছে।
ঢাকা বোর্ডে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং আইসিটি বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের মধ্যে রসায়নের দুই পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন এসেছে। মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা হয়েছে।
ইংরেজি ও আইসিটি বিষয়ে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকটের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ওই দিন আবেদনকারীরা তাঁদের ফলাফলের পরিবর্তন হয়েছে কি না, তা জানতে পারবেন।
বোর্ড চেয়ারম্যান আরও জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাসস