সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব উদযাপন, ইসকন মন্দিরে হাজারো ভক্তের ঢল
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
সাতক্ষীরা প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-শ্রদ্ধা আর উৎসবের আমেজে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। এ উপলক্ষে শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তের সমাগম ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা এবং পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
অন্নকূট মহোৎসব উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার, ফলমূল ও মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। বৈষ্ণব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের ঐতিহাসিক লীলাকে স্মরণ করেই প্রতিবছর এ পূজা ও উৎসব পালন করা হয়। কথিত আছে, বৃন্দাবনবাসীকে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেই লীলার স্মরণে ভক্তরা নানা পদের খাবার প্রস্তুত করে ভোগ নিবেদন করেন। পরে তা মহাপ্রসাদ হিসেবে উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়।
মন্দিরের অধ্যক্ষ পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সার্বিক দিকনির্দেশনায় উৎসবের আয়োজন করা হয়। আয়োজন সফল করতে মন্দিরের ভক্তরা ভোগ প্রস্তুত, অতিথি আপ্যায়ন, প্রসাদ বিতরণ ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা অংশ নেন।
দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অন্নকূট মহোৎসব পরিণত হয় ভক্তদের এক মিলনমেলায়। এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।