সাদুল্লাপুরে কৃষকের জমির কালাই ফসল কেটে নেওয়ার অভিযোগ, ক্ষতির মুখে চাষি
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে জমিতে উৎপাদিত কালাই ফসল জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক শ্রী সুরেশ চন্দ্র দাস। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক সুরেশ চন্দ্র দাস ওই গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত হেম চন্দ্র দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজ জমিতে চাষাবাদ করে কালাই ফসল উৎপাদন করেন সুরেশ চন্দ্র দাস। কিন্তু তাঁর অভিযোগ, জমিতে উৎপাদিত সেই ফসল তাঁর সম্মতি ছাড়াই জোরপূর্বক কেটে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন, চন্দ্রন কুমার সরকার, শ্রী উজ্জ্বল কুমার সরকার ও শ্রীমতি মিনু রানী সরকার।
ভুক্তভোগী কৃষক জানান, নিজের শ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত ফসল অন্যরা নিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয়ে তিনি ভিডিও বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কৃষকের কষ্টার্জিত ফসলের নিরাপত্তা ও জমির অধিকার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগী কৃষক সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।